দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারির পরনের আর্জেন্টিনা দলের জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে সরবরাহ করার ঘটনায় বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এর আগে সোমবার বিকেলে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রাসেলের পরনে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ তার ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে এআই প্রযুক্তির মাধ্যমে ছবিতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি যুক্ত করে সেটি গণমাধ্যমে সরবরাহ করা হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও ছবি পরিবর্তনের অভিযোগ তোলেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়।
এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
বিএমপির মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এমএস/